
শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
শনিবার (৩ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ঐক্য পরিষদের একটি প্রতিনিধি দল শোক বইয়ে স্বাক্ষর করেন এবং বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
সাক্ষাৎ শেষে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল সাংবাদিকদের জানান, প্রতিনিধি দলটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জাতীয়তাবাদী চেতনা ও ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষায় তার দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেন। তারা বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সুবিচার নিশ্চিত করা এবং সবাইকে সমান অধিকারভুক্ত নাগরিক হিসেবে প্রতিষ্ঠার ক্ষেত্রে খালেদা জিয়ার ভূমিকা ছিল অনন্য।
তিনি আরও জানান, ঐক্য পরিষদের নেতারা এসব আদর্শের ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। জবাবে তারেক রহমান বলেন, তিনি সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ বিভাজনে বিশ্বাসী নন। বাংলাদেশের সকল নাগরিকের জন্য সমান অধিকার নিশ্চিত করাই তার রাজনৈতিক অঙ্গীকার।
তারেক রহমান প্রতিনিধি দলের উদ্দেশে বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার পরিচয় এক—আমরা সবাই বাংলাদেশি। ‘সবার আগে বাংলাদেশ’—এই নীতিতে তিনি অবিচল থাকবেন এবং আগামী দিনগুলোতে সকল নাগরিকের সমঅধিকার নিশ্চিত করা হবে বলে আশ্বাস দেন।