
২০২৫–২০২৬ শিক্ষাবর্ষ থেকে এই ফেলোশিপ চালুর সিদ্ধান্ত হয়েছে
পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের চলচ্চিত্র ও টেলিভিশন বিভাগের শিক্ষার্থীদের জন্য চালু হলো “ফজলুল হক পোস্ট গ্রাজুয়েট ফেলোশিপ”। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক নিয়ন্ত্রিত “পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ফিল্ম অ্যান্ড টেলিভিশন” প্রোগ্রামের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষ থেকে এই ফেলোশিপ চালুর সিদ্ধান্ত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) উত্তীর্ণ শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্রের পরিচালক প্রয়াত ফজলুল হকের ছেলে বিশিষ্ট টেলিভিশন ব্যক্তিত্ব ও চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের পক্ষে নির্মাতা অনন্যা রুমা ফেলোশিপের ঘোষণা দেন। এ সময় ইনস্টিটিউটের অধ্যক্ষ অধ্যাপক খ ম হারূন ফেলোশিপ চালুর জন্য চ্যানেল আই কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পাঠশালার পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রোগ্রামটির মেয়াদ দেড় বছর। তিনটি সেমিস্টারে মোট দশটি কোর্সে শিক্ষার্থীরা স্ক্রিপ্ট রাইটিং, সিনেমাটোগ্রাফি, ভিডিও এডিটিং, চলচ্চিত্র পরিচালনা, সাউন্ড অ্যান্ড মিউজিক, আর্ট ডিরেকশন অ্যান্ড ডিজাইন, অভিনয় ও চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন বিষয়ে কোর্স সম্পন্ন করেন এবং শেষ সেমিস্টারে একাধিক চলচ্চিত্র তৈরি করে দক্ষতা অর্জন করেন।
এ প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন গ্রহণ প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। যেসব প্রার্থী ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করেছেন, তারা আবেদন করতে পারবেন। আগামী ৯ ও ১০ জানুয়ারি সকাল ১১টায় পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের দৃকপাঠ ভবনে (১৬, পান্থপথ, ঢাকা) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরও তথ্য পাওয়া যাবে পাঠশালার ফেসবুক পেজে বা pathshaladft.org ওয়েবসাইটে।