
সংগৃহীত ছবি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেছেন, কিছু রাজনৈতিক দলের কর্মকাণ্ড দেশের প্রচলিত আইনে নিষিদ্ধ। ফলে তাদের আইনগতভাবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই, এটিকে নির্বাচনের পথে বাধা বলা যায় না।
রোববার রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। অংশগ্রহণমূলক নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, যেসব দলের রাজনৈতিক তৎপরতার ওপর কোনো বিধিনিষেধ নেই, তাদের জন্য নির্বাচনে অংশগ্রহণের কোনো বাধা নেই। কেউ স্বেচ্ছায় অংশ না নিলে সে দায় কারও ওপর চাপানো যায় না।
মনোনয়ন বাতিল প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, ন্যায্য কারণে মনোনয়নপত্র বাতিল হলে সেটি আইন অনুযায়ীই হয়। আপিলের সুযোগ রয়েছে এবং বিএনপির প্রার্থীরাও সে সুযোগ পাবেন।
ভোটারদের জাতীয় পরিচয়পত্র সংগ্রহের অভিযোগ প্রসঙ্গে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, এটি অত্যন্ত স্পর্শকাতর বিষয় এবং সত্য হলে সরকারের উচিত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।
তিনি আরও বলেন, বিএনপি কোনো প্রার্থীর মনোনয়ন বাতিলের জন্য চাপ দেয়নি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের কথাবার্তার ভিত্তিতে কাউকে অভিযুক্ত করা সংগত নয়। আগামী নির্বাচনে অবাধ ও সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় বিএনপির সম্ভাবনার কথাও তিনি উল্লেখ করেন।