
ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
সাক্ষাৎকালে দেশের শিল্প, বাণিজ্য ও অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতের প্রতিনিধিত্বকারী শীর্ষ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, বিএসআরএমের চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন ও এ কে আজাদ, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী এবং বিটিএমএর সাবেক সভাপতি মতিন চৌধুরী।
এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফা কামাল, উত্তরা মোটর করপোরেশন লিমিটেডের চেয়ারম্যান মতিউর রহমান এবং মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি কামরান টি. রহমান।
সাক্ষাতে আরও অংশ নেন বিজিএমইএর সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক, এমসিসিআইয়ের সাবেক সভাপতি নিহাদ কবির, বিজিএমইএর বর্তমান সভাপতি মাহমুদ হাসান খান, বিটিএমএর সভাপতি শওকত আজিজ, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, স্টিল মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলম, আইসিসি বাংলাদেশের নির্বাহী সদস্য ও ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমান এবং প্রাণ গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী।
সৌজন্য সাক্ষাৎকালে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প ও বাণিজ্যের চ্যালেঞ্জ, বিনিয়োগ পরিবেশ এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।