
ছবি: সংগৃহীত
ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গোলামীর রাজনীতি নয়, বরং আজাদীর জোটকেই তারা বেছে নিয়েছেন। বাংলাদেশকে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সব ধরনের পরাধীনতা থেকে মুক্ত করার লড়াই অব্যাহত থাকবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সোমবার (৫ জানুয়ারি) সকাল পৌনে ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত আজাদী পদযাত্রার পূর্বে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, দেশের রাজনীতিতে দুটি স্পষ্ট ধারা বিদ্যমান—একটি আজাদীর পক্ষে, অন্যটি গোলামীর পক্ষে। যারা লুটতরাজ করে দেশের অর্থ বিদেশে পাচার করেছে, জনগণের সঙ্গে অন্যায় করেছে, তারাই আজ বিভিন্ন মহলে গিয়ে মাথানত করছে বলে অভিযোগ করেন তিনি। এমন বাস্তবতায় আসন্ন নির্বাচনে আজাদীর পক্ষে অবস্থান নেওয়াই ছিল তাদের জন্য একমাত্র পথ।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ১১ দলীয় জোট বাংলাদেশের আজাদ করার যে সংগ্রাম শুরু করেছে, তা ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। শহীদ ওসমান হাদির বিচার নিশ্চিত করা এবং তিনি যে আজাদীর লড়াই শুরু করেছিলেন, তা পূর্ণতা দেওয়াই এখন তাদের প্রধান দায়িত্ব।
তিনি জানান, ওসমান হাদির কবর জিয়ারতের পর তার আদর্শ ধারণ করেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আজাদী পদযাত্রা নতুন করে শুরু করা হয়েছে।
ঢাকা-৮ আসনের রমনা, শাহবাগ, মতিঝিল ও শাহজাহানপুর এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও দখলদারিত্বের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
নির্বাচনি আচরণবিধি প্রসঙ্গে নাসীরুদ্দীন বলেন, ২১ জানুয়ারির আগে আজাদী পদযাত্রায় কোনো প্রতীক ব্যবহার বা ভোট চাওয়ার কার্যক্রম থাকবে না। আচরণবিধি প্রত্যাহারের পর নিয়ম মেনে প্রচারণা চালানো হবে।
এ সময় তিনি প্রশাসনকে দলীয় আনুগত্য পরিহার করে জনগণের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার দাবি তোলেন। অন্যথায় গণতান্ত্রিক আন্দোলন আরও জোরদার হবে বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ জাতীয় ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।