
ফাইল ছবি
জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, ‘আলহামদুলিল্লাহ, তাহরিমা সুরভীর জামিন মঞ্জুর হয়েছে।’
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ জানান, সোমবার তাহরিমাকে আদালতে হাজির করে পুলিশ রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তিনি আরও জানান, ওই রিমান্ড আদেশের বিরুদ্ধে জেলা জজ আদালতে রিভিশন আবেদন করা হয়। বিজ্ঞ জেলা জজ আদালত-১ এ রিভিশনের শুনানি অনুষ্ঠিত হয়। একই সঙ্গে অন্তর্বর্তী জামিনের আবেদন করা হলে আদালত বিষয়টি বিবেচনা করে তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর রাতে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার বিবরণ থেকে জানা যায়, গত বছরের জুলাই-আগস্টে আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত হত্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে কয়েক ধাপে অর্থ আদায় করা হয়।