
দক্ষিণী সিনেমার পরিচিত মুখ কল্যাণী প্রিয়দর্শন এবার তাঁর অভিনয় প্রতিভার দ্যুতি ছড়াতে প্রস্তুত বলিউডের রূপালি পর্দায়।
প্রখ্যাত নির্মাতা প্রিয়দর্শনের কন্যা হওয়া সত্ত্বেও কেবল পারিবারিক পরিচয়ে নয় বরং নিজের কঠোর পরিশ্রম আর অভিনয় দক্ষতা দিয়ে তিনি ইতিমধ্যেই জয় করেছেন দর্শক ও সমালোচকদের মন। ভারতীয় চলচ্চিত্র জগতের নতুন খবর অনুযায়ী, রণবীর সিং অভিনীত বহুল প্রতিক্ষিত রহস্যনির্ভর সিনেমা ‘প্রলয়’ দিয়েই হিন্দি সিনেমায় অভিষেক হতে যাচ্ছে কল্যাণীর।
রণবীরের ক্যারিয়ারের অন্যতম ভিন্নধর্মী এই প্রজেক্টে কল্যাণীর অন্তর্ভুক্তি সিনেমাটি নিয়ে দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।
গত বছর ‘লোকাহ: চ্যাপ্টার ওয়ান চন্দ্রা’ ছবিতে কল্যাণীর অনবদ্য অভিনয় দক্ষিণ ভারতের গণ্ডি পেরিয়ে সারা ভারতের সিনেমাপ্রেমীদের নজর কেড়েছিল। সেই সাফল্যের পথ ধরেই এবার তাঁর বলিউড যাত্রা। নতুন বছরের ছুটি কাটিয়ে রণবীর সিং দেশে ফিরলেই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এই ছবিতে রণবীরের পাশাপাশি আলিয়া ভাটও থাকতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে, যা প্রজেক্টটিকে নিয়ে নতুন উন্মাদনা তৈরি করেছে।
তবে কল্যাণীর এই পথচলা হুট করে আসা নয়; আর্কিটেকচারাল ডিজাইনে নিউইয়র্ক থেকে স্নাতক শেষ করা কল্যাণী অভিনয়ের পাঠ নিয়েছেন বিদেশের থিয়েটার ও পন্ডিচেরির আদিশক্তি থিয়েটারে।
চলচ্চিত্রের রঙিন দুনিয়ায় কল্যাণীর যাত্রা শুরু হয়েছিল আসলে ক্যামেরার পেছনে থেকে। ২০১৩ সালে বলিউডের ব্লকবাস্টার ‘কৃষ থ্রি’-তে সহকারী ডিজাইনার হিসেবে কাজ করার পাশাপাশি তিনি দক্ষিণী ছবিতে সহকারী পরিচালক হিসেবেও অভিজ্ঞ।
২০১৭ সালে তেলেগু সিনেমা ‘হ্যালো’ দিয়ে অভিনেত্রী হিসেবে অভিষেক হলেও ২০২২ সালের মালয়ালম সুপারহিট ছবি ‘হৃদায়ম’ তাঁকে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে দেয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপুল অনুসারী এবং বাংলাদেশেও উল্লেখযোগ্য ভক্ত থাকা এই অভিনেত্রী বলিউডের এই নতুন ইনিংসে কতটা চমক দেখান, এখন সেটিই দেখার অপেক্ষায় সিনেপ্রেমীরা।