
সংগৃহীত ছবি
দেশের পাঁচটি বিভাগে আগামীকাল বুধবার (৭ জানুয়ারি) তাপমাত্রা নেমে আসতে পারে ৬ ডিগ্রি সেলসিয়াসে—এমন পূর্বাভাস দিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। মঙ্গলবার (৬ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে তিনি এই তথ্য জানান।
পোস্টে তিনি উল্লেখ করেন, বুধবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহের তীব্রতা বাড়তে পারে। বিশেষ করে সকাল ৬টার দিকে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার আশঙ্কা রয়েছে।
কুয়াশার পরিস্থিতি তুলে ধরে মোস্তফা কামাল পলাশ জানান, ইউরোপীয় ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে পাওয়া চিত্র বিশ্লেষণে দেখা গেছে—ফেনী, সিলেট ও সুনামগঞ্জ ছাড়া দেশের বাকি ৬১টি জেলার ওপর কুয়াশার উপস্থিতি রয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে চট্টগ্রাম ও সিলেট ছাড়া অন্য ছয় বিভাগের জেলাগুলো মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢেকে যেতে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, বুধবার রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের বেশিরভাগ জেলায় দুপুর ১২টার আগ পর্যন্ত সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। অন্য পাঁচ বিভাগের জেলাগুলোতে সকাল ১০টার পর থেকে দুপুর ১২টার মধ্যে সূর্যের দেখা মিলতে পারে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, চলতি মাসে দেশের ওপর দিয়ে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। কোনো কোনো এলাকায় তাপমাত্রা নেমে আসতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, সোমবার (৫ জানুয়ারি) রাত থেকেই তাপমাত্রা ক্রমাগত কমতে শুরু করেছে এবং জানুয়ারিতে এক থেকে দুটি তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে।