
যান্ত্রিক ত্রুটির কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদের ভোট গণনা আপাতত স্থগিত করা হয়েছে। এ পরিস্থিতিতে করণীয় নির্ধারণে দলীয় প্যানেল, স্বতন্ত্র ভিপি ও জিএস প্রার্থীদের সঙ্গে উপাচার্যের কনফারেন্স রুমে বৈঠকে বসবে নির্বাচন কমিশন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৯টা ২০ মিনিটের পর বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. আনিসুর রহমান। তিনি জানান, ভোট গণনায় ব্যবহৃত দুটি মেশিনে ভিন্ন ফল দেখাচ্ছে। গত তিন দিন ধরে পরীক্ষামূলকভাবে চালানো হলেও আগে এমন সমস্যা দেখা যায়নি। পরিস্থিতি সমাধানে অংশীজনদের সঙ্গে আলোচনা করে অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হবে এবং সে বিষয়ে গণমাধ্যমকে জানানো হবে।
এর আগে দু’দফা পরিবর্তনের পর জকসু ও হল সংসদ নির্বাচনের নতুন তারিখ নির্ধারিত হয় ৩০ ডিসেম্বর। তবে নির্বাচন শুরুর ঠিক আগে ভোরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু হওয়ায় জরুরি সিন্ডিকেট সভায় ভোট স্থগিত করা হয়। পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আবারও জরুরি সভা ডেকে ৬ জানুয়ারি নির্বাচনের দিন ঘোষণা করা হয়।
এবারের নির্বাচনে অংশ নিয়েছে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’, ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’, ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ এবং বামপন্থী মওলানা ভাসানী ব্রিগেড প্যানেল। পাশাপাশি একটি আংশিক প্যানেল ও একাধিক স্বতন্ত্র প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন।