
শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার পর গত অক্টোবরে সেটি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ করেছিলেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো। এবার তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প সত্যিই শান্তিতে নোবেল পাওয়ার যোগ্য বলে তিনি বিশ্বাস করেন।
সোমবার ফক্স নিউজের এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে মাচাদো বলেন, অক্টোবরের সময় তিনি ট্রাম্পকে নোবেল পাওয়ার যোগ্য মনে করতেন এবং এখন অনেকেই বলছেন, গত শনিবার ট্রাম্প যা করেছেন, তা অর্জন করা ছিল প্রায় অসম্ভব।
নিকোলাস মাদুরোকে আটক করে বিচারের মুখোমুখি করার ঘটনাকে ঐতিহাসিক আখ্যা দিয়ে মাচাদো বলেন, ৩ জানুয়ারি ভেনেজুয়েলার ইতিহাসে অনন্য হয়ে থাকবে। এটি শুধু ভেনেজুয়েলার মানুষের ভবিষ্যতের জন্য নয়, মানবতা ও স্বাধীনতার জন্যও বড় পদক্ষেপ।
নোবেল পুরস্কার ঘোষণার সময় নরওয়েজিয়ান নোবেল কমিটি জানায়, ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় নিরলস ভূমিকার জন্য মাচাদোকে সম্মানিত করা হয়েছে। তিনি ‘স্বৈরশাসক’ মাদুরোর বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করেছেন।
উল্লেখ্য, গত শনিবার ডোনাল্ড ট্রাম্পের আদেশে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী কারাকাস থেকে নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যায়। এ ঘটনায় বিভিন্ন দেশের নেতারা একে আগ্রাসন ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন।
ভেনেজুয়েলার সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে মাচাদোর প্রার্থীতা বাতিল হলে তিনি এডমুন্ডো গঞ্জালেস উরুতিয়াকে সমর্থন দেন। নোবেল পাওয়ার পর মাদুরো তাকে ‘ডাইনি’ বলে কটাক্ষ করেছিলেন। এদিকে, সোমবার ডেলসি রদ্রিগেজ দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন এবং মাদুরোকে তুলে নেওয়ার ঘটনাকে ‘অপহরণ’ বলে উল্লেখ করেন।