
রিয়াজুল ইসলাম, আব্দুল আলিম আরিফ ও মাসুদ রানা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ঘোষিত চারটি কেন্দ্রের ফলাফলে শিবির–সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা এগিয়ে আছেন। ভিপি পদে রিয়াজুল ইসলাম, জিএস পদে আব্দুল আলিম আরিফ এবং এজিএস পদে মাসুদ রানা চার কেন্দ্রেই এগিয়ে রয়েছেন।
বুধবার সকাল পৌনে আটটার দিকে জকসুর ৩৯ কেন্দ্রের মধ্যে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, নৃবিজ্ঞান, লোকপ্রশাসন ও ফার্মাসি- এই চারটি বিভাগের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান, অধ্যাপক ড. শহিদুল ইসলাম ও অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ।
ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন ১০০ ভোট, জিএস পদে আব্দুল আলিম আরিফ ৯০ এবং এজিএস পদে মাসুদ রানা ৯৮ ভোট। একই বিভাগে ছাত্রদল–সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ৯১ ভোট, জিএস পদে খাদিজাতুল কোবরা ৪৫ এবং এজিএস পদে আতিকুর রহমান তানজিল ৮৫ ভোট।
নৃবিজ্ঞান বিভাগে শিবির–সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ১২৮ ভোট, জিএস প্রার্থী আব্দুল আলিম আরিফ ১২৩ এবং এজিএস প্রার্থী মাসুদ রানা ১০২ ভোট। অন্যদিকে একই বিভাগে ছাত্রদল–সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ১১৮ ভোট, জিএস পদে খাদিজাতুল কোবরা ৭৩ এবং এজিএস পদে আতিকুর রহমান তানজিল পেয়েছেন ১২৬ ভোট।
বাকি কেন্দ্রগুলোর ভোট গণনা শেষে পর্যায়ক্রমে ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।