
হঠাৎ ফেসবুকে ভিডিও বার্তা দিয়ে দুঃখ প্রকাশ করেছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান। পোস্টে তিনি লিখেছেন, ‘আমি দুঃখিত।’ ভিডিওতে জোভান জানান, সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ব্যক্তিগত বিষয় নিয়ে কিছু ভুল ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করেছেন, যার জন্য তিনি আন্তরিকভাবে অনুতপ্ত।
ভিডিও বার্তায় জোভান বলেন, একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি যে কথাগুলো বলেছেন, সেগুলো তার মন থেকে আসেনি এবং সেগুলো ছিল পূর্বপরিকল্পিত ও শেখানো। তিনি স্বীকার করেন, ওই অনুষ্ঠানে অতিরিক্ত কথা বলা তার ঠিক হয়নি।
ভিডিওতে তার পাশে স্ত্রীকে দেখা গেলেও বিষয়টি নিয়ে আলাদা ব্যাখ্যা দেননি জোভান। তিনি বলেন, বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সীমা ছাড়িয়ে যাওয়ায় তিনি সমাজ ও স্ত্রীর কাছে লজ্জিত এবং ক্ষমা প্রার্থনা করেন। এ সময় স্ত্রী তার কথায় সম্মতি জানিয়ে হাস্যরসের মধ্য দিয়ে ভিডিওটি শেষ হয়।
প্রসঙ্গত, সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে প্রথমবারের মতো প্রেম ও বিচ্ছেদের অভিজ্ঞতা শেয়ার করেছিলেন জোভান। সেখানে তার ব্যক্তিগত অনুভূতির কথা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়, যার পরিপ্রেক্ষিতেই এই দুঃখ প্রকাশ বলে ধারণা করা হচ্ছে।