
ফাইল ছবি
দেশের বিভিন্ন জেলায় চলমান শৈত্যপ্রবাহ আগামী কয়েক দিনে আরও তীব্র আকার ধারণ করতে পারে। বিশেষ করে শনি ও রবিবার (১০ ও ১১ জানুয়ারি) তীব্র শৈত্যপ্রবাহ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকার আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (৭ জানুয়ারি) ইউরোপীয় ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে এ পূর্বাভাস দিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকে শৈত্যপ্রবাহের তীব্রতা আরও বাড়তে পারে। শনি ও রবিবার রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার আশঙ্কা রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, বুধবার সকাল ৬টায় রাজশাহীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে ৭ ডিগ্রি, যশোরে ৭ দশমিক ৪ ডিগ্রি, পঞ্চগড়ে ৮ দশমিক ২ ডিগ্রি এবং ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কমে ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।