
নিহত আজিজুর রহমান মুছাব্বির। ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার রাজধানীতে গুলি করে হত্যা করা হয়েছে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে। নিহত ব্যক্তি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির।
বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর বসুন্ধরা সিটির পেছনে স্টার হোটেলের সামনে এ ঘটনা ঘটে। এ সময় মুছাব্বিরকে লক্ষ্য করে দুর্বৃত্তরা একাধিক গুলি ছোড়ে। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আনোয়ার হোসেন নামে আরেকজন।।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজিজুর রহমান মুছাব্বিরকে লক্ষ্য করে পাঁচটি গুলি করা হয়। গুলির একটি তার পেটে লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুজনকে গুলি করা হয়েছে। এর মধ্যে আজিজুর রহমান মুছাব্বির মারা গেছেন।”
ঘটনার পরপরই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।