
অ্যাকশন ও বড় বাজেটের ছবির ভিড়ে আবারও রোমান্টিক কমেডি ও প্রেমের গল্পে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। তবে আক্ষেপের সুরে তিনি জানিয়েছেন, বর্তমান সময়ে এ ধরনের ছবিতে বিনিয়োগে খুব কম প্রযোজকই আগ্রহ দেখাচ্ছেন।
গতকাল ৪০ বছরে পা রাখেন দীপিকা পাড়ুকোন। জন্মদিনের আগে ভক্তদের সঙ্গে এক ফ্যান মিটে অংশ নেন তিনি। সেই অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দীপিকাকে বলতে শোনা যায়, তিনি আবার রোমান্টিক কমেডি করতে চান। তাঁর এ মন্তব্যের পর দর্শকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। ভক্তরা একযোগে রণবীর সিং, হৃতিক রোশন ও শাহরুখ খানের নাম চিৎকার করে বলতে থাকেন সম্ভাব্য সহঅভিনেতা হিসেবে।
অনুষ্ঠানে দীপিকাকে প্রশ্ন করা হয়, কবে তাঁকে আবার রোমান্টিক কমেডিতে দেখা যাবে। উত্তরে তিনি বলেন, দর্শক ও অভিনেত্রী- দুই পরিচয়েই এই ঘরানার ছবি তাঁর খুব পছন্দ। তবে বর্তমান বাজার পরিস্থিতিতে দর্শকদের চাহিদা ও প্রযোজকদের ঝোঁক অন্যদিকে। তবু ভক্তদের এমন আগ্রহ দেখে তিনি আশাবাদী, রোমান্টিক কমেডির প্রতি দর্শকদের আকর্ষণ এখনো রয়েছে।
অনুষ্ঠানের সঞ্চালক দর্শকদের মধ্যে একটি ছোট জরিপও করেন- রোমান্টিক কমেডিতে দীপিকার বিপরীতে কাকে দেখতে চান তাঁরা। হৃতিক রোশন, শাহরুখ খান ও রণবীর সিং- তিনজনের নামেই করতালি পড়লেও সবচেয়ে বেশি চিৎকার শোনা যায় রণবীর সিংয়ের নামেই। অনেক ভক্তই বাস্তব জীবনের এই তারকা দম্পতিকে পর্দায় একসঙ্গে রোমান্টিক কমেডিতে দেখার ইচ্ছা প্রকাশ করেন।
প্রযোজকের অভাবের কথা উল্লেখ করে দীপিকা বলেন, হালকা ঘরানার ছবি এখন খুব কমই তৈরি হচ্ছে। তাঁর ভাষায়, রোমান্টিক কমেডি ও প্রেমের গল্পের জন্য ভালো চিত্রনাট্য এবং প্রযোজক—দুটোরই সংকট রয়েছে। তিনি জানান, তাঁর টিম নিয়মিতই এ ধরনের স্ক্রিপ্ট খোঁজে, কিন্তু বর্তমানে খুব কম নির্মাতা এই ঘরানায় বিনিয়োগ করতে চান।
কাজের দিক থেকে, ২০২৪ সালে দীপিকাকে দেখা গেছে ‘ফাইটার’, ‘কাল্কি ২৮৯৮ এডি’ ও ‘সিংহম অ্যাগেইন’ ছবিতে। সামনে তিনি অভিনয় করবেন সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ ছবিতে, যেখানে তাঁর সঙ্গে থাকবেন শাহরুখ খান। এ ছাড়া পরিচালক অ্যাটলির একটি নতুন ছবিতে আল্লু অর্জুনের বিপরীতেও অভিনয় করার কথা রয়েছে তাঁর।
সূত্র: হিন্দুস্তান টাইমস