
ফাইল ছবি
সদ্য বিদায়ী ডিসেম্বর মাসে দেশে প্রবাস আয়ের জোয়ার বইছে। এ মাসে দেশে মোট ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশের ইতিহাসে এক মাসে আসা দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।
বুধবার (৭ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, বরাবরের মতো এই আয়ের সিংহভাগই পাঠিয়েছেন সৌদি আরবে থাকা প্রবাসী বাংলাদেশিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ডিসেম্বর মাসে একক দেশ হিসেবে সৌদি আরব থেকে সর্বাধিক ৪৯ কোটি ১ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। প্রবাসী আয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, যেখান থেকে এসেছে ৪৭ কোটি ৬০ লাখ ৬০ হাজার ডলার। এছাড়া শীর্ষ ১০ দেশের তালিকায় যথাক্রমে রয়েছে যুক্তরাজ্য, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, ওমান, কুয়েত, কাতার ও সিঙ্গাপুর।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, শুধু ডিসেম্বরই নয়, নতুন বছরের শুরুতেও ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি জানুয়ারি মাসের প্রথম ৬ দিনেই দেশে এসেছে ৭৭ কোটি মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের (৪৫ কোটি ৩০ লাখ ডলার) তুলনায় অনেক বেশি।
চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের জুলাই থেকে ৬ জানুয়ারি পর্যন্ত দেশে মোট ১ হাজার ৭০৩ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবাস আয়ের প্রবৃদ্ধি হয়েছে ১৯ দশমিক ৭০ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, গত নভেম্বরে দেশে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল, যা ডিসেম্বরে এসে বড় ব্যবধানে বৃদ্ধি পেয়েছে।