
সংগৃহীত ছবি
চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। উত্তরের হিমেল হাওয়ায় গত দুই সপ্তাহ ধরে জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। প্রতিদিন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করায় স্থবির হয়ে পড়েছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।
পৌষের এই কনকনে শীত আর ঘন কুয়াশায় চারপাশ ঢাকা পড়ে থাকছে। বেলা বাড়লেও সূর্যের দেখা মিলছে ম্লানভাবে, যার ফলে রোদেও তেমন উষ্ণতা অনুভূত হচ্ছে না। প্রয়োজন ছাড়া ঘর থেকে মানুষ বের না হওয়ায় রাস্তাঘাট অনেকটা জনশূন্য হয়ে পড়ছে। এই তীব্র শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। ঠান্ডার কারণে শ্রমিকরা কাজে যেতে পারছেন না, ফলে তাদের দৈনন্দিন আয় কমে গেছে।
এদিকে শীতের প্রভাবে কৃষিখাতেও ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে ধানের বীজতলা নষ্ট হওয়ার ভয়ে দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকদের। পাশাপাশি জেলার হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর ভিড়।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানিয়েছেন, আপাতত জেলার এই আবহাওয়া পরিস্থিতিতে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই, অর্থাৎ আরও কিছুদিন এই শীতের দাপট অব্যাহত থাকতে পারে।