
“প্রজেক্ট বিয়ন্ড দ্য সেম স্কাই” উদ্যোগটি উদ্ভাবন ও নেতৃত্বের পাশাপাশি সহমর্মিতা এবং সামাজিক দায়বদ্ধতাকে গুরুত্ব দেয়
হাল্ট প্রাইজ অ্যাট ইউল্যাব ২০২৫/২৬ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং গ্রামে “প্রজেক্ট বিয়ন্ড দ্য সেম স্কাই” শীর্ষক একটি কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করেছে।
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গতকাল বুধবার (৮ জানুয়ারি) এ মানবিক উদ্যোগটি বাস্তবায়ন করা হয়। কার্যক্রমে সহযোগিতা করে সোয়ান গ্রুপ ও টুয়েলভ ক্লোথিং।
বাবুডাইং গ্রামটি সাঁওতাল জনগোষ্ঠীর একটি প্রাচীন উপগোষ্ঠী কোল উপজাতির কেন্দ্র হিসেবে পরিচিত। কর্মসূচির অংশ হিসেবে হাল্ট প্রাইজ অ্যাট ইউল্যাব টিম গ্রামটিতে অবস্থিত বাবুডাইং আলোর পাঠশালা পরিদর্শন করে। প্রতিষ্ঠানটি সুবিধাবঞ্চিত আদিবাসী শিশুদের শিক্ষা ও যত্ন প্রদানে কাজ করে আসছে।
এই সিএসআর কার্যক্রমের আওতায় তীব্র শীত থেকে সুরক্ষা দিতে পাঠশালার শিশু ও স্থানীয় কমিউনিটির সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে সোয়ান গ্রুপ ও টুয়েলভ ক্লোথিং গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করে।
প্রকল্পটির নেতৃত্ব দেন হাল্ট প্রাইজ অ্যাট ইউল্যাব ২০২৫/২৬-এর ডেপুটি টিম লিড এ. এইচ. এম. মুনাইমুল আজম। এছাড়া স্পেশাল আউটরিচ গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন ইসরাত জাহান মিম, যার অংশগ্রহণ স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে কার্যক্রমটির সংযোগ আরও দৃঢ় করে।
শীতবস্ত্র পেয়ে বাবুডাইং আলোর পাঠশালার শিশুদের মধ্যে স্বস্তি ও উষ্ণতার অনুভূতি লক্ষ্য করা যায়। তাদের হাসি ও কৃতজ্ঞতার প্রকাশ এই উদ্যোগের ইতিবাচক প্রভাবেরই প্রতিফলন বলে জানান আয়োজকরা।
হাল্ট প্রাইজ অ্যাট ইউল্যাব ২০২৫/২৬-এর পক্ষ থেকে জানানো হয়, “প্রজেক্ট বিয়ন্ড দ্য সেম স্কাই” উদ্যোগটি উদ্ভাবন ও নেতৃত্বের পাশাপাশি সহমর্মিতা এবং সামাজিক দায়বদ্ধতাকে গুরুত্ব দেয়। সংগঠনটি ভবিষ্যতেও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে থেকে এমন মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।
এই কার্যক্রমের অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে আছে বাংলা টেলিগ্রাফ।