
ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। তিনি মোদির বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের কাছে ‘আত্মসমর্পণ’ এবং তার নির্দেশ মেনে চলার অভিযোগ তুলেছেন। পাশাপাশি মোদির নেতৃত্বের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বের তুলনাও করেন তিনি।
বুধবার (৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় রাহুল গান্ধী বলেন, ট্রাম্পের সংকেত পেয়ে মোদি দ্রুত প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং ‘ইয়েস স্যার’ বলে তার কথা মেনে নিয়েছেন। তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৭১ সালের যুদ্ধে যুক্তরাষ্ট্রের চাপ থাকা সত্ত্বেও ভারত আত্মসমর্পণ করেনি। বর্তমান পরিস্থিতির সঙ্গে সেই সময়ের নেতৃত্বের পার্থক্য তুলে ধরেন রাহুল।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, নরেন্দ্র মোদি তার সঙ্গে সাক্ষাতের জন্য অনুরোধ করেছিলেন। ট্রাম্প বলেন, ভারত বর্তমানে উচ্চহারে শুল্ক দিচ্ছে এবং রাশিয়ার কাছ থেকে তেল কেনা উল্লেখযোগ্যভাবে কমিয়েছে।
ট্রাম্প আরও জানান, ভারতের ওপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এর মধ্যে ২৫ শতাংশ রাশিয়ার তেল কেনার কারণে আরোপিত শাস্তিমূলক শুল্ক।
শুল্ক আরোপের পর আগস্ট মাস থেকে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একাধিক দফা বাণিজ্য আলোচনা হয়েছে। দুই দেশের শীর্ষ নেতারা অন্তত চারবার ফোনে কথা বললেও এখনো কোনো চূড়ান্ত বাণিজ্যচুক্তি হয়নি।
এ ছাড়া ট্রাম্প উল্লেখ করেন, ভারত অ্যাপাচি হেলিকপ্টার সরবরাহে বিলম্বের বিষয়টি তুলেছে। তার দাবি, গত পাঁচ বছর ধরে এসব হেলিকপ্টারের জন্য অপেক্ষা করছে ভারত।