
গাজীপুরের কোনাবাড়ীর দেওয়ালিয়াবাড়ী এলাকায় একটি ঝুট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রথমে একটি গোডাউনে ধোঁয়া উঠতে দেখে স্থানীয়রা। অল্প সময়ের মধ্যেই আগুন আশপাশের আরও কয়েকটি গোডাউনে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কোনাবাড়ী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। তবে আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে সারাবো ও ডিবিএল ফায়ার স্টেশন থেকে আরও চারটি ইউনিট যোগ দেয়।
কোনাবাড়ী মডার্ন ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইনস্পেক্টর সাইফুল ইসলাম বলেন, “আমাদের ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছে। আরও দুটি ইউনিট ঘটনাস্থলে আসছে। আশপাশে একাধিক গোডাউন থাকায় সবগুলোতেই আগুন ছড়িয়ে পড়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।”
এ ঘটনায় এখনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।