
মঈন আলী। ছবি: সংগৃহীত
ঢাকা ক্যাপিটালসকে ২০ রানে হারিয়ে বিপিএলে নিজেদের চতুর্থ জয় তুলে নিল সিলেট টাইটান্স। আগের হারের প্রতিশোধ নিতে নেমে ঢাকা ক্যাপিটালস শুরুতে জয়ের আশা দেখালেও মাঝে ছন্দ হারিয়ে বড় ব্যবধানে হেরে যায়।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের অষ্টম ম্যাচে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৮০ রান তোলে সিলেট। ওপেনিংয়ে নেমে পারভেজ ইমন ২৪ বলে ৩২ রান করেন। পাঁচ চারের শটের সঙ্গে একটি ছক্কা তোলেন তিনি। তাওফিক খান ২১ বলে ১৭ রান করে ৪৮ রানের ওপেনিং জুটি দেন।
তিনে নামা আরিফুল মৌসুমের প্রথম ম্যাচ খেলতে নেমে ২৯ বলে ৩৮ রান করেন। চারটি চারের শট আসে তার ব্যাট থেকে। আজমতউল্লাহ ওমরজাই ২৩ বলে ৩৩ রানের ইনিংস খেলেন। তিন চারের সঙ্গে একটি ছক্কা মারেন তিনি। মঈন আলী ৮ বলে তিন ছক্কা ও দুই চারে ২৮ রানের ইনিংস খেলেন।
জবাব দিতে নেমে ৫.৫ ওভারে ৫৬ রানের ওপেনিং জুটিতে জয় পাওয়ার মতো শুরু এনে দেন ঢাকার রহমানুল্লাহ গুরবাজ ও আব্দুল্লাহ আল মামুন। গুরবাজ ফিফটি তুলে নেন। আল মামুন ১১ বলে পাঁচ চারের শটে ২৪ রান করেন। গুরবাজ ৪৪ বলে ৫১ রানের ইনিংস খেলেন। কিন্তু পরের ব্যাটারদের ব্যর্থতায় হেরেছে ঢাকা। পাঁচে ব্যাটিংয়ে নেমে সাইফ হাসান ১৪ বলে ২২ রান যোগ করেন।
শেষ দিকে মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান ও ইমাদ ওয়াসিমের ব্যর্থতায় হেরেছে ঢাকা। অধিনায়ক মিঠুন গুরুত্বপূর্ণ সময়ে ৮ বলে ৭ রান করেন। অপরাজিত থাকা সাব্বির ১৬ বলে দুই ছক্কায় ২৫ রান যোগ করেন। ইমাদ ওয়াসিম ৮ বলে ১২ ও সাইফউদ্দিন ৮ বলে ৮ রান করায় হেরেছে ঢাকা। সিলেটের হয়ে পাকিস্তানি বোলার সালমান ইরশাদ ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নিয়ে জয়ে বড় ভূমিকা রেখেছেন।
এই জয়ের ফলে সিলেট টাইটান্স ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় স্থানে উঠে, প্লে-অফে তাদের আশা দৃঢ় করেছে। অন্যদিকে ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ঢাকা ৫ম স্থানে অবস্থান করছে।