
ছবি: সংগৃহীত
কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বিভাজন অতিক্রম করে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার তীরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা গ্রামের আবুল বাসারের ছেলে আরমান হোসেন (১৬) এবং ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর আনন্দপুর গ্রামের মজিবুল হক মজুমদারের ছেলে সাইদুল হক মজুমদার (৩৪)।
পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ফেনীগামী স্টার লাইন পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বিভাজনের ওপর উঠে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী একটি মাইক্রোবাসের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি উল্টে গেলে ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান।
দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, সেখানে আহত অন্তত ৭ জন চিকিৎসা নেন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে এই দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। দুর্ঘটনাগ্রস্ত যানবাহন এক ঘণ্টার মধ্যে সরিয়ে নেওয়া হলেও রাত ১২টা পর্যন্ত যানজট লক্ষ করা গেছে।
হাইওয়ে পুলিশ ইলেটগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।