
ফাইল ছবি
গাইবান্ধায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত (এমসিকিউ) পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। পরীক্ষাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে জেলা ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান মোল্লার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, শুক্রবার (৯ জানুয়ারি) বিকাল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত গাইবান্ধা জেলার ৪৩টি কেন্দ্র একযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে পরীক্ষার দিন দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রতিটি পরীক্ষা কেন্দ্রের চারপাশে ২০০ গজের মধ্যে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, বেআইনি জমায়েত, প্রচারণা ও বাদ্যযন্ত্র ব্যবহার নিষিদ্ধ থাকবে। পাশাপাশি কেন্দ্রের আশপাশে অননুমোদিত ব্যক্তির প্রবেশও সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষাকালীন সময়ের আগে ও পরে কোনো ধরনের বিশৃঙ্খলা, ভিড় বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকায় জনস্বার্থে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে পরীক্ষা পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না।
উল্লেখ্য, সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫-এর লিখিত পরীক্ষা প্রথমে গত ২ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত জাতীয় শোক দিবসের কারণে পরীক্ষা স্থগিত করা হয়। পরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নতুন তারিখ হিসেবে ৯ জানুয়ারি নির্ধারণ করে। একই সঙ্গে পূর্বনির্ধারিত সকাল ১০টার পরিবর্তে পরীক্ষার সময় পরিবর্তন করে বিকাল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট করা হয়।
গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর জেলায় ৪০০টির বেশি শূন্য পদের বিপরীতে এ পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ২৭ হাজার ৬৮৮ জন পরীক্ষার্থী।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষ্ণণ কুমার দাশ বলেন, অবসরজনিত কারণে শূন্য পদের সংখ্যা আরও বাড়তে পারে। তিনি জানান, পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্তভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।