
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত এই পরীক্ষা চলবে।
তিন পার্বত্য জেলা ছাড়া দেশের সব জেলায় একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন মোট ১০ লাখ ৮০ হাজার ৮০ জন পরীক্ষার্থী।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কেন্দ্রপ্রবেশসহ একাধিক বিষয়ে নির্দেশনা দিয়েছে।
কেন্দ্রে প্রবেশের সময়সূচি
পরীক্ষা শুরু বিকেল ৩টায় হলেও পরীক্ষার্থীদের অবশ্যই দুপুর ২টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। দুপুর ২টা ৩০ মিনিটে কেন্দ্রের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হবে। এরপর আর কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না।
কান উন্মুক্ত রাখার নির্দেশনা
ব্লুটুথ বা কোনো ইলেকট্রনিক ডিভাইস শনাক্তের জন্য পরীক্ষার্থীদের উভয় কান উন্মুক্ত রাখতে হবে। প্রয়োজনে তল্লাশির সময় টর্চলাইট দিয়ে কান পরীক্ষা করা হবে।
নিষিদ্ধ সামগ্রী
মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, যেকোনো ধরনের ঘড়ি, পার্টস বা ইলেকট্রনিক ডিভাইস কেন্দ্রে বহন সম্পূর্ণ নিষিদ্ধ। এসব সামগ্রী পাওয়া গেলে তাৎক্ষণিক বহিষ্কারসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
পরীক্ষায় অংশ নিতে রঙিন প্রিন্ট করা প্রবেশপত্র ও মূল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সঙ্গে আনতে হবে। উত্তরপত্র (ওএমআর) পূরণে কালো কালির বলপয়েন্ট কলম ব্যবহার বাধ্যতামূলক।
পরীক্ষা সুষ্ঠু রাখতে প্রতিটি কেন্দ্রে ১৪৪ ধারা জারি থাকবে। একই সঙ্গে নিয়োগের নামে কোনো অসাধু চক্রের সঙ্গে লেনদেন না করার জন্য পরীক্ষার্থীদের সতর্ক করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।