
ফাইল ছবি
আসন্ন জাতীয় নির্বাচনের আগে নতুন পে স্কেল ঘোষণার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না এবং সেটিই যুক্তিযুক্ত।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে বরিশালের একটি স্থানীয় হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন গভর্নর। তিনি জানান, অন্তর্বর্তী সরকার চাইলে পে স্কেল সংক্রান্ত একটি কাঠামো তৈরি করে দিতে পারে, তবে এর বাস্তবায়ন পুরোপুরি নির্ভর করবে পরবর্তী নির্বাচিত সরকারের সিদ্ধান্তের ওপর।
গভর্নর বলেন, “আমার মনে হয় না বর্তমান সরকার নির্বাচনের আগে পে স্কেল বিষয়ে কোনো সিদ্ধান্তে যাবে। নির্বাচনের মাত্র এক মাস বাকি থাকায় সরকারের সব মনোযোগ এখন নির্বাচনকেন্দ্রিক। নির্বাচন-পরবর্তী সরকার পূর্বপ্রস্তুত কাজগুলো বিবেচনা করে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নিতে পারবে।”
ক্যাশলেস লেনদেন প্রসঙ্গে তিনি বলেন, ডিজিটাল লেনদেন বাড়লে ছেঁড়া-ফাটা নোটের সমস্যা অনেকটাই কমবে। নতুন ট্রেড লাইসেন্স ইস্যুর ক্ষেত্রে কিউআর কোড বাধ্যতামূলক করা হলে ক্যাশলেস লেনদেন আরও উৎসাহিত হবে।
এছাড়া দেশের আমদানি নীতিকে জটিল উল্লেখ করে গভর্নর বলেন, সরকারি কর্মকর্তাদের অদক্ষতার কারণে সময়মতো পণ্য আমদানি না হওয়ায় বাজারে পণ্যের দাম বাড়ছে।
উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় ষাণ্মাসিকের মুদ্রানীতি প্রণয়নের জন্য বরিশাল অঞ্চলের অংশীজনদের মতামত সংগ্রহে এই সভার আয়োজন করা হয়। সভায় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মুহাম্মদ হাবিবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।