
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের দাউদকান্দির বাণিয়া পাড়া এলাকায় সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর একটি যাত্রীবাহী বাস উল্টে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ থেকে ১৫ জন।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রামগামী সিবিএম পরিবহনের একটি বাস সংঘর্ষের পর সড়কে উল্টে গিয়ে মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে যায়।
দাউদকান্দি হাইওয়ে থানা ও ফায়ার সার্ভিস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, মোটরসাইকেল ও বাসের সংঘর্ষের পর পুরো বাসে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার পর ঘটনাস্থল থেকে একজন নারী, একজন পুরুষ ও দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
দাউদকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ররশাদ হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় চারজনের মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে তিনজনকে বাসের ভেতর থেকে এবং একজনকে বাসের বাইরে থেকে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় আনুমানিক ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।