
ছবি: সংগৃহীত
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল দাখিলের শেষ দিনে ছিল ব্যাপক ভিড়। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল গ্রহণের সময় নির্ধারিত থাকলেও সন্ধ্যা ৬টার পরও ইসি চত্বরে প্রার্থীদের দীর্ঘ লাইন দেখা যায়।
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে স্থাপিত কেন্দ্রীয় বুথ সূত্রে জানা গেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোট ১৩১ জন মনোনয়নপ্রার্থী আপিল করেছেন। সময় শেষ হওয়ার পরও অনেক প্রার্থীকে আপিল দাখিলের অপেক্ষায় ইসি ভবনের ভেতরে ও বাইরে অবস্থান করতে দেখা যায়।
নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক বলেন, বিকেল ৫টার মধ্যে যারা নির্বাচন ভবনে উপস্থিত হয়েছেন, তাদের সবার আপিল আবেদন গ্রহণ করা হবে। এ জন্য যত সময়ই লাগুক, আজকের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

ইসি কর্মকর্তারা জানান, রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে গত চার দিনে নির্বাচন কমিশনে মোট ৪৬৯টি আপিল জমা পড়েছে। এর মধ্যে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সর্বোচ্চ ১৭৪টি আপিল দায়ের করা হয়। ওই দিন মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ১৬৪টি এবং মনোনয়নপত্র গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে ১০টি আপিল করা হয়।
সংশোধিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ছিল ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।