
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নুর কামাল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার মধ্যরাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ২৬ নম্বর নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের আই-ব্লকে এ ঘটনা ঘটে।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত নুর কামাল ওই ক্যাম্পের বাসিন্দা আবুল কালামের ছেলে।
পুলিশ জানায়, নুর কামাল একজন চিহ্নিত সন্ত্রাসী ছিলেন। নিজের নামে একটি বাহিনী গড়ে তুলে তিনি রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। শুক্রবার রাতে তার সঙ্গে ডাকাত সাদ্দাম গ্রুপের গোলাগুলি হয়। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান।
এডিআইজি কাউছার সিকদার জানান, স্থানীয়দের তথ্য অনুযায়ী নুর কামালের সঙ্গে খালেক গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার মধ্যরাতে দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ হয়। একপর্যায়ে নুর কামাল গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্যাম্পের একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে এপিবিএনের একটি দল ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই জড়িতরা পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানায় পুলিশ।
প্রাথমিকভাবে এটি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত ঘটনা বলে ধারণা করা হলেও তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।