
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের প্রচারণার জন্য আগামী ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে মাঠে নামছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর হোটেল শেরাটনে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এই কথা জানান।
বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম দিনই তারেক রহমান সাংবাদিকদের সঙ্গে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেন। এতে দেশের জাতীয় দৈনিক, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সম্পাদক, শীর্ষ নির্বাহী ও জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
তারেক রহমান বলেন, আমি একটি রাজনৈতিক দলের সদস্য। সামনে নির্বাচন। ২২ জানুয়ারি থেকে আমরা আমাদের পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাব।
বিএনপির পুরনো রীতি অনুযায়ী, এই কার্যক্রম সিলেট থেকে শুরু হবে। দলীয় শীর্ষ নেতারা জানিয়েছেন, সিলেট থেকেই বিএনপি প্রধান ভোটের প্রচার শুরু করে আসছেন। এবারের কার্যক্রমও সেখান থেকেই শুরু হবে। প্রথমে হযরত শাহজালাল ও শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে।
উল্লেখ্য, যুক্তরাজ্যে দেড় যুগের নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর ৩০ ডিসেম্বর তার মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা যান। এর ১০ দিনের মাথায় শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়।