
একসময় ভিডিও গেইম ছিল বাস্তবতা থেকে পালানোর দরজা। আজ সেই দরজাই যেন বাস্তবের নিখুঁত নকল
হয়তো একটু কাছেই নয়, বরং বাস্তবের অতিরিক্ত রকমের কাছাকাছি।
একটা সময় ছিল মানুষ জীবনের ক্লান্তি ভুলতে আশ্রয় নিতো ভিডিও গেইমসের একটু শান্তির আশায়, দু দণ্ড বিশ্রামের ভরসায় আর কিছুটা ভালো সময় কাটবার নিশ্চয়তায়… তবে কি ভিডিও গেইম এখন আর জীবনের ক্লান্তি থেকে পালিয়ে বেড়াবার জায়গা রইলো না?
একসময় ভিডিও গেইম ছিল বাস্তবতা থেকে পালানোর দরজা। আজ সেই দরজাই যেন বাস্তবের নিখুঁত নকল।
২০২৬ সালের সবচেয়ে প্রতীক্ষিত গেম Grand Theft Auto 6–এর ট্রেইলার দেখলে প্রশ্নটা অনিবার্য হয়ে ওঠে। ভিডিও গেইম কি এখন এতোটাই বাস্তব হয়ে উঠছে যে, তা আর বিনোদন নয়- বরং অস্বস্তিকর অভিজ্ঞতা হয়ে দাঁড়াচ্ছে?
বাস্তবতার দৌড়: প্রযুক্তি যেখানে শিল্পকে ছাড়িয়ে যাচ্ছে
২০২০ সালে Take-Two Interactive- এর সিইও স্ট্রাউস জেলনিক ভবিষ্যদ্বাণী করেছিলেন- এক দশকের মধ্যেই ভিডিও গেইম হবে পুরোপুরি লাইভ-অ্যাকশন বাস্তবের মতো। বাস্তবে, সেই ভবিষ্যৎ এসে গেছে আরও আগেই।
Death Stranding 2–তে সূর্যালোক পাথরের গায়ে যেভাবে প্রতিফলিত হয়, কিংবা Alan Wake 2–এর পাহাড়ঘেরা শহরের বিষন্নতা-সব মিলিয়ে গেইমিং এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে ভার্চুয়াল আর বাস্তবের সীমারেখা ক্রমশ ঝাপসা।
এই বাস্তবতা-ঘেঁষা নান্দনিকতার সবচেয়ে বড় উদাহরণ হতে যাচ্ছে GTA 6।
GTA 6: প্রযুক্তিগত বিস্ময়, নৈতিক অস্বস্তি
রকস্টার গেমসের দাবি অনুযায়ী, Grand Theft Auto 6 হবে “ইতিহাসের সবচেয়ে বড় গেম লঞ্চ”-এক বিলিয়ন ডলারের বেশি বাজেট, বাস্তব ফ্লোরিডার অনুকরণে তৈরি কাল্পনিক রাজ্য ‘লিওনিডা’, এবং গ্রাফিক্স যা বর্তমান কনসোলের সীমা ঠেলে দেবে।
পানির ঢেউ যেন সত্যিকারের সমুদ্র, রাস্তায় ঘুরে বেড়ানো র্যাকুন, দূরের সাগরে হাঙর- এই সব খুঁটিনাটি বাস্তবতা তৈরি করতে আলাদা ইঞ্জিনিয়ার দল নিয়োগ দেওয়া হয়েছে।
কিন্তু প্রশ্নটা প্রযুক্তি নয়। প্রশ্নটা অনুভূতি।
খুন, ডাকাতি, বিশৃঙ্খলা- যা আগেও GTA–তে ছিল—এখন যদি তা প্রায় ফটো-রিয়ালিস্টিক হয়, তবে খেলোয়াড় কি সেটাকে আগের মতো ‘খেলা’ হিসেবেই অনুভব করবে?
বাস্তব দেখালেই কি বাস্তব অনুভূত হয়?
গেম স্টাডিজ বিশেষজ্ঞ তানিয়া ক্রিজউইনস্কা মনে করিয়ে দেন- গ্রাফিক্স যতোই বাস্তব হোক, গেইম এখনো গেমই। এর ভেতরে থাকে অতিনাটকীয় পদার্থবিদ্যা, ব্যঙ্গাত্মক গল্প, এবং ইচ্ছাকৃত অযৌক্তিকতা।
তাঁর মতে, “বাস্তবের মতো দেখতে হলেই কোনো অভিজ্ঞতা বাস্তব হয়ে যায় না।”
তবু এই যুক্তি সবার উদ্বেগ দূর করতে পারছে না। ইন্ডি গেম নির্মাতা রাশিদ আবু দেইদেহ মনে করেন, বাস্তবের সহিংসতা-যুদ্ধ, সন্ত্রাস, হত্যাকাণ্ড- যখন আমাদের দৈনন্দিন বাস্তব, তখন সেগুলোর অতিরিক্ত বাস্তব অনুকরণ বিনোদনের সীমা ছাড়িয়ে যেতে পারে।
“আমরা এমনিতেই একটি অন্ধকার সময়ে বাস করছি,” তিনি বলেন। “এই প্রেক্ষাপটে অত্যন্ত বাস্তব তথা অতিবাস্তবতা সহিংসতা নিয়ে খেলা তৈরি করা নৈতিকভাবে অস্বস্তিকর।”
বাস্তবতার ক্লান্তি এবং বিকল্পের উত্থান
এই কারণেই হয়তো সাম্প্রতিক বছরগুলোতে গেমারদের বড় একটি অংশ মুখ ফিরিয়েছে হাইপার-রিয়ালিজম থেকে। ইন্ডি গেম Eclipsium–এর ঝাপসা VHS গ্রাফিক্স, কিংবা Tiny Bookshop–এর রঙিন, আরামদায়ক ‘কোজি গেমিং’ অভিজ্ঞতা-এসবই ইঙ্গিত দেয় ভিন্ন এক আকাঙ্ক্ষার। এখানে খেলোয়াড় খোঁজে অনুভূতি, আবহ, কল্পনা-নিখুঁত বাস্তবতা নয়।
সবচেয়ে বেশি বিক্রি হওয়া কনসোল Nintendo Switch–ও এই প্রবণতার সাক্ষ্য দেয়। এর গ্রাফিক্স আধুনিক কনসোলের তুলনায় দুর্বল হলেও, কল্পনার জগৎ সেখানে অনেক বেশি জীবন্ত। তাহলে GTA 6 এর অবস্থান কোথায় কিংবা কোথায় গিয়ে দাঁড়ায়?
GTA 6 হয়তো প্রযুক্তিগত দিক থেকে এক যুগান্তকারী অভিজ্ঞতা হবে। কিন্তু তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ভারসাম্য রক্ষা করা- বাস্তব আর খেলার জগতের মাঝখানে।
অতিরিক্ত বাস্তবতা যদি খেলোয়াড়কে অস্বস্তিতে ফেলে, তবে সেই বাস্তবতা নিজের উদ্দেশ্যই ব্যর্থ করে। শেষ পর্যন্ত, ভিডিও গেইমের সার্থকতা গ্রাফিক্সে নয়-অভিজ্ঞতায়।
খেলোয়াড় কী অনুভব করছে, কীভাবে সে নিজের বাস্তবতা থেকে সাময়িক মুক্তি পাচ্ছে- সেটাই আসল।
বাস্তব যতোই নিখুঁত হোক, খেলা যদি আর খেলাই না থাকে- তবে সেই বাস্তবতা আমাদের আর কোথায় নিয়ে যায়?