
বাংলাদেশ জাতীয় জাদুঘরে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার সন্ধ্যায় শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয় চীনা নির্মাতা চেন শিয়াংয়ের ‘দ্য জার্নি টু নো এন্ড’। এ ছাড়া বাংলাদেশ ও চীনের সাংস্কৃতিক বিনিময় তুলে ধরতে সেখানে চীনা চলচ্চিত্রবিষয়ক একটি বিশেষ প্রদর্শনী কর্নার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ ও তথ্য–সম্প্রচারবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশসচেতনতা তৈরিতে চলচ্চিত্রের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং পরিবেশভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনের আহ্বান জানান।
উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল উৎসবের মূল দর্শন তুলে ধরে বলেন, “বেটার ফিল্মস, বেটার অডিয়েন্স, বেটার সোসাইটি।” বাংলাদেশে নিযুক্ত চীনের কালচারাল কাউন্সিলর লিই শাওপেং চলচ্চিত্রের মাধ্যমে দুই দেশের সাংস্কৃতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
ক্রোয়েশিয়া-যুক্তরাজ্যভিত্তিক নির্মাতা আলেকজান্দ্রা মার্কোভিচ বলেন, বাংলাদেশের চলচ্চিত্রে গল্প বলার একটি সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। উদ্বোধনী আয়োজনে জলতরঙ্গ থিয়েটার কোম্পানির একটি থিয়েট্রিক্যাল পরিবেশনাও ছিল।
উৎসবে ১৮ জানুয়ারি পর্যন্ত বিশ্বের ৯১টি দেশের ২৪৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। ঢাকা ও কক্সবাজারের বিভিন্ন ভেন্যু—আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা, বাংলাদেশ জাতীয় জাদুঘর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, স্টামফোর্ড ইউনিভার্সিটি, থ্রিডি আর্ট গ্যালারি, ভিন্টেজ কনভেনশন হল এবং কক্সবাজারের লাবণী সৈকতে ছবিগুলো প্রদর্শিত হবে।