
ভারতের কলকাতায় আয়োজিত ‘কানস ফিল্ম, কন্টেন্ট ক্রিয়েটরস ফেস্টিভ্যাল অ্যান্ড অ্যাওয়ার্ড সেরেমনি’-তে প্রামাণ্যচিত্র বিভাগে ফার্স্ট রানার আপের পুরস্কার জিতে নিয়েছেন বাংলাদেশি নির্মাতা মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)। তার পরিচালিত আলোচিত প্রামাণ্যচিত্র ‘প্রাণবিক’ (Faunatarian) এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি লাভ করেছে।
গত শনিবার (১০ জানুয়ারি) কলকাতার ঐতিহাসিক নন্দন-৩ প্রেক্ষাগৃহে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই পুরস্কার ঘোষণা করা হয়। এর আগে দেশ ও বিদেশের বিভিন্ন উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত হওয়া এই প্রামাণ্যচিত্রটি কলকাতার এই আন্তর্জাতিক মঞ্চেও সাফল্যের স্বাক্ষর রাখলো।
পুরস্কার জয়ের পর এক আবেগঘন প্রতিক্রিয়ায় নির্মাতা রাশেদ মানিক বলেন, এই পুরস্কার ঢাকার রাস্তায় থাকা প্রতিটি অসহায় প্রাণীর জন্য। তিনি মূলত ঢাকা শহরের ব্যস্ত রাস্তায় টিকে থাকা অবলা প্রাণীদের জীবনসংগ্রাম এবং তাদের সুরক্ষায় নিভৃতে কাজ করা মানবিক মানুষ ও প্রতিষ্ঠানগুলোর গল্প সবার সামনে তুলে ধরতে চেয়েছেন।
কলকাতার নন্দনের মতো জায়গায় এই সম্মাননা প্রাপ্তি তার সৃজনশীল কাজের অনুপ্রেরণা বহুগুণ বাড়িয়ে দিয়েছে বলে তিনি জানান।
‘প্রাণবিক’ প্রামাণ্যচিত্রটিতে মেগাসিটি ঢাকার ব্যস্ত জীবনযাত্রার আড়ালে থাকা প্রাণীদের কষ্ট ও মানুষের মমত্ববোধ অত্যন্ত সংবেদনশীলতার সাথে চিত্রায়িত হয়েছে।