
তৃতীয়বারের মতো ঢাকায় আয়োজিত হয়েছে চীনা চলচ্চিত্র সপ্তাহ
চাইনিজ ফিল্ম পোস্টার প্রদর্শনীর মধ্য দিয়ে তৃতীয়বারের মতো ঢাকায় শুরু হয়েছে চীনা চলচ্চিত্র সপ্তাহ। শনিবার (১০ জানুয়ারি) ঢাকার বাংলাদেশ জাতীয় জাদুঘরে আয়োজিত এই পোস্টার প্রদর্শনীর উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওফেং। এ ছাড়া বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চলচ্চিত্রপ্রেমীরাও অনুষ্ঠানে অংশ নেন।
চীনা দূতাবাসের সহযোগিতায় আয়োজিত এই চলচ্চিত্র সপ্তাহের মূল লক্ষ্য বাংলাদেশ ও চীনের মধ্যে সাংস্কৃতিক বোঝাপড়া, বন্ধুত্ব এবং চলচ্চিত্র বিনিময় জোরদার করা।
পোস্টার প্রদর্শনীতে চীনের বিভিন্ন সময়ের ও ভিন্ন ভিন্ন ধারার চলচ্চিত্রের গল্প, বিষয়বস্তু ও শৈল্পিক বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। পোস্টারগুলোর মাধ্যমে দর্শকরা চীনা চলচ্চিত্রের ইতিহাস, সংস্কৃতি ও সামাজিক বাস্তবতার নানা দিক সম্পর্কে ধারণা পাচ্ছেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, চলচ্চিত্র একটি শক্তিশালী শিল্পমাধ্যম, যা ভাষা ও সংস্কৃতির সীমা অতিক্রম করে মানুষের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়া গড়ে তোলে।
এই চলচ্চিত্র সপ্তাহের মাধ্যমে উভয় দেশের চলচ্চিত্রপ্রেমী, নির্মাতা ও সংস্কৃতিকর্মীরা চীনা সংস্কৃতি, সমাজ ও জীবনধারার সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে এটি ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা ও যৌথ উদ্যোগের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেন আয়োজকরা।
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে আয়োজিত চীনা চলচ্চিত্র সপ্তাহে এবার বিভিন্ন ঘরানা ও বিষয়বস্তুর একাধিক চীনা চলচ্চিত্র প্রদর্শিত হবে। পাশাপাশি চলচ্চিত্র বিষয়ক আলোচনা, মতবিনিময় ও অন্যান্য সাংস্কৃতিক আয়োজনও রাখা হয়েছে।