
জাতীয় পার্টির প্রার্থীদের আপিল শুনানিতে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন
আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হলে জাতীয় পার্টি ৪০ থেকে ৭০টি আসনে জয়লাভ করতে পারে বলে আশা প্রকাশ করেছেন দলটির একাংশের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
রোববার (১১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টির প্রার্থীদের আপিল শুনানিতে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
শামীম হায়দার বলেন, নির্বাচনের মাঠ এখনো অনিশ্চিত থাকলেও সুষ্ঠু ভোট ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হলে জাতীয় পার্টির ফলাফল উল্লেখযোগ্য হবে। তার মতে, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের জন্য স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি, কারণ তারা জনস্বার্থে প্রতিদ্বন্দ্বিতা করেন।
মনোনয়ন বাতিল প্রসঙ্গে তিনি বলেন, এবারের নির্বাচনে কারিগরি ত্রুটির অজুহাতে অনেক প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে আপিল ট্রাইব্যুনাল খোলা মন নিয়ে বিষয়গুলো পুনর্বিবেচনা করে অনেক ক্ষেত্রে মনোনয়ন বহাল রেখেছে, যা ইতিবাচক দিক হিসেবে দেখছেন তিনি।
রিটার্নিং কর্মকর্তাদের ভূমিকা নিয়ে সমালোচনা করে শামীম হায়দার বলেন, মাঠপর্যায়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকলেও ‘মবতন্ত্রের ভয়’ প্রশাসনকে প্রভাবিত করেছে। পক্ষপাতের অভিযোগে ট্যাগিংয়ের আশঙ্কায় অনেক কর্মকর্তা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারেননি বলে দাবি করেন তিনি।
নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে উদ্বেগ জানিয়ে জাপা মহাসচিব বলেন, ব্যাপক সেনা ও পুলিশ মোতায়েন এবং প্রশাসনের দৃঢ় অবস্থান ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। অন্যথায় একটি মানহীন নির্বাচন ভবিষ্যৎ সরকারের বৈধতা সংকটে ফেলতে পারে।
জাতীয় পার্টির বিভক্তি ও প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, দলটির মূল অংশ জিএম কাদেরের নেতৃত্বে রয়েছে এবং লাঙ্গল প্রতীক সেই অংশের অধীনে। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও জাতীয় পার্টি ২৪৪টি আসনে প্রার্থী দিয়েছে বলে জানান তিনি।
ভিডিও স্টোরি দেখুন-