
উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী এবং অভিনেতা প্রশান্ত তামাং আর নেই। ‘ইন্ডিয়ান আইডল ৩’-এর মুকুটজয়ী এই শিল্পী রোববার (১১ জানুয়ারি) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর। তার এই আকস্মিক বিদায়ের খবরে সংগীত ও অভিনয় জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি অরুণাচল প্রদেশে একটি গানের অনুষ্ঠান শেষ করে দিল্লিতে ফিরেছিলেন তিনি। রোববার সকালে দিল্লির দ্বারকা এলাকার একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর আগে তার বড় কোনো শারীরিক অসুস্থতার খবর জানা যায়নি, ফলে এই অকাল প্রয়াণ ভক্ত ও পরিবারের কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো এসেছে।

১৯৮৩ সালের ৪ জানুয়ারি দার্জিলিংয়ে জন্ম নেওয়া প্রশান্ত তামাংয়ের শুরুটা ছিল একেবারেই ভিন্ন। একসময় কলকাতা পুলিশে চাকরি করতেন তিনি। সেখান থেকেই সহকর্মীদের উৎসাহে ‘ইন্ডিয়ান আইডল’ প্রতিযোগিতার অডিশনে অংশ নেন। ২০০৭ সালে প্রতিযোগিতার তৃতীয় আসরের শিরোপা জিতে রাতারাতি ইতিহাস গড়েন এবং দুই বাংলার পাশাপাশি নেপাল ও ভারতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। কলকাতা পুলিশে থাকাকালীন এক সহকর্মীর কাছ থেকে তিনি বাংলা ভাষা শিখেছিলেন, যার বিনিময়ে তাকে নেপালি ভাষা শেখাতেন তিনি।
গানের পাশাপাশি নেপালের চলচ্চিত্রেও নিয়মিত অভিনয় করেছেন প্রশান্ত। ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসে ওটিটি প্ল্যাটফর্মেও নিজের জাত চিনিয়েছিলেন তিনি। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ‘পাতাললোক ২’ ওয়েব সিরিজে খলচরিত্রে তার অভিনয় দর্শকের বিশেষ প্রশংসা কুড়ায়। দার্জিলিংয়ে স্ত্রী ও কন্যার সঙ্গে বসবাস করলেও কাজের প্রয়োজনে তাকে নিয়মিত দেশ-বিদেশে যাতায়াত করতে হতো।
একজন প্রতিভাবান শিল্পী হিসেবে প্রশান্ত তামাং নিজের গান এবং অভিনয়ের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। দার্জিলিংয়ের সাধারণ এক যুবক থেকে জনপ্রিয় তারকা হয়ে ওঠার এই যাত্রা অনেকের জন্যই ছিল অনুপ্রেরণার। তার এই অকাল বিদায়ে বিনোদন জগত এক উজ্জ্বল নক্ষত্রকে হারাল।