
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম
আইনগত কোনো প্রতিবন্ধকতা না থাকায় আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাবে অন্তর্বর্তী সরকার—এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রোববার (১১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, এ বিষয়ে সরকার আগেই শীর্ষস্থানীয় আইন বিশেষজ্ঞদের মতামত নিয়েছে। লিখিত আইনি পরামর্শে জানানো হয়েছে, অন্তর্বর্তী সরকারের গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের আইনগত বাধা নেই।
প্রেস সচিব জানান, এদিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান পর্যবেক্ষক ইয়ার ইয়াবস। বৈঠকে গণভোট ও নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
শফিকুল আলম বলেন, ওই সাক্ষাতে আওয়ামী লীগ কিংবা নির্বাচনে দলটির অংশগ্রহণ প্রসঙ্গে কোনো আলোচনা হয়নি। আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল গণভোট। এ সময় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব তুলে ধরে বলেন, এর মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার কর্মসূচি বাস্তবায়নের পথ সুগম হবে।
তিনি আরও জানান, ইইউ পর্যবেক্ষক মিশনের প্রধান বলেছেন, তাদের মিশন দেশজুড়ে বিস্তৃতভাবে কার্যক্রম পরিচালনা করবে। পর্যবেক্ষক দল বিভিন্ন অঞ্চল পরিদর্শনের পাশাপাশি বড় রাজনৈতিক দল ও অন্যান্য সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় করবে।
প্রধান উপদেষ্টার বক্তব্য তুলে ধরে প্রেস সচিব বলেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূস ইউরোপীয় ইউনিয়নকে আশ্বস্ত করেছেন যে আসন্ন নির্বাচন ও গণভোট হবে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ। তিনি বলেন, এটি হবে একটি উৎসবমুখর নির্বাচন, যার জন্য অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে।