
ছবি: সংগৃহীত
দেশের সংগীতাঙ্গনের আলোচিত ব্যান্ড শিরোনামহীনের ভোকালিস্ট শেখ ইশতিয়াক জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর ৩০০ ফিট এলাকার একটি রিসোর্টে জমকালো আয়োজনের মধ্যে সম্পন্ন হয়েছে তার বিয়ের আনুষ্ঠানিকতা, যেখানে উপস্থিত ছিলেন সংগীত অঙ্গনের অনেক পরিচিত মুখ ও শিল্পী।
অনুষ্ঠানে শিরোনামহীনের শিল্পীরাও গান পরিবেশন করেন। বিয়ের খবর শনিবার সন্ধ্যায় ব্যান্ডের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়। পোস্টে লেখা হয়, “হ্যালো, আজ আমরা একটি বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করব। ঠিকই শুনেছেন, আজ আমাদের শেখ ইশতিয়াকের বিয়ে। তার জীবনের এই নতুন ইনিংসের জন্য সবার কাছে দোয়া চাইছি।”
আজ সকালে নিজেই বিয়ের কিছু ছবি পোস্ট করেছেন ইশতিয়াক। ক্যাপশনে লিখেছেন, “গতকাল আমরা একসঙ্গে নতুন এক যাত্রা শুরু করেছি। আমাদের জন্য দোয়া করবেন—আল্লাহ যেন আমাদের বিবাহকে ভালোবাসা, ধৈর্য ও পারস্পরিক বোঝাপড়ায় পরিপূর্ণ করেন।”
৪১ বছরের শেখ ইশতিয়াক শিরোনামহীনের বর্তমান ভোকালিস্ট হিসেবে কয়েক বছরের মধ্যে শ্রোতাদের মধ্যে শক্ত অবস্থান তৈরি করেছেন। তার কণ্ঠে গাওয়া গান ‘এই অবেলায়’ তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। সম্প্রতি মুক্তি পাওয়া ‘এই অবেলায় ২’ গানটিও ভক্তদের মধ্যে উন্মাদনা সৃষ্টি করেছে।
কনের নাম মারিনা হোসেন, তিনি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে পড়াশোনা করেছেন। শেখ ইশতিয়াক জানান, চার বছর আগে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে একটি শোতে তার সঙ্গে মারিনার পরিচয় হয়। নিয়মিত যোগাযোগ ও বন্ধুত্বের পর দুই পরিবারের সম্মতিতে তারা বিবাহের সিদ্ধান্ত নেন। বিয়েতে দুই পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।