
হাসপাতালের লেবার ওয়ার্ডের অপারেশন থিয়েটারে রান্নাবান্নার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবি: সংগৃহীত
ফেনী জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডের অপারেশন থিয়েটারে রান্নাবান্নার ঘটনায় দুই সিনিয়র স্টাফ নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া দুজন হলেন নার্সিং সুপারভাইজার কল্পনা রানী মন্ডল ও সিনিয়র স্টাফ নার্স রানী বালা হালদার।
রোববার (১১ জানুয়ারি) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব মো. আনোয়ার হোছাইন আকন্দ সই করা পৃথক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
আদেশে বলা হয়, ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের লেবার ওয়ার্ডের অপারেশন থিয়েটারের ভেতরে গ্যাসের চুলায় রান্না করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। গণমাধ্যমে সংবাদ প্রকাশের মাধ্যমে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। বিষয়টি চরম দায়িত্বহীন, শৃঙ্খলাবিরোধী ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য উল্লেখ করে আদেশে বলা হয়, এ ঘটনায় জনস্বাস্থ্য, রোগীর নিরাপত্তা এবং নার্সিং পেশার ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।
তবে বিধি মোতাবেক সাময়িক বরখাস্তকালীন সময়ে সংশ্লিষ্ট দুই নার্স খোরপোষ ভাতা পাবেন বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘দুই নার্সের সাময়িক বরখাস্তের আদেশের কপি আমরা পেয়েছি। বিষয়টি নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পেলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’