
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনের পর বিজয়ী দলের কাছে ক্ষমতা হস্তান্তরের পর নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (১১ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকিয়ে আবের সঙ্গে বৈঠকে তিনি এসব পরিকল্পনার কথা জানান।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, দায়িত্ব ছাড়ার পর ড. ইউনূস মূলত তিনটি বিষয়ে কাজ করবেন।
প্রথমত, ডিজিটাল হেলথকেয়ার উন্নয়ন- ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নারীদের স্বাস্থ্যসেবায় সহজ প্রবেশাধিকার নিশ্চিত করা এবং প্রবাসী বাংলাদেশিদের ডিজিটাল মাধ্যমে পরিবারের স্বাস্থ্যখোঁজ নেওয়ার সুযোগ তৈরি করা।
দ্বিতীয়ত, তরুণ উদ্যোক্তা তৈরি- যুবসমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার কার্যক্রম চালিয়ে যাওয়া।
তৃতীয়ত, দীর্ঘদিন ধরে প্রচার করা ‘থ্রি জিরো’ ধারণা বাস্তবায়নের কাজ অব্যাহত রাখা।
বৈঠকে শিনজো আবের সঙ্গে ড. ইউনূসের ঘনিষ্ঠ সম্পর্ক ও স্মৃতির কথাও উঠে আসে।
এ ছাড়া জানানো হয়, আগামী মার্চের তৃতীয় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে ড. ইউনূস জাপান সফর করবেন। সেখানে তিনি একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন এবং ওশিয়ান রিসার্চসহ বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করবেন।