
ইয়ামি গৌতম ও আলিয়া ভাট
সিনেমা হলে মুক্তির পর প্রত্যাশিত ব্যবসা করতে না পারলেও ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তির পর প্রশংসায় ভাসছে ‘হক’ সিনেমাটি। বিশেষ করে ছবিতে ইয়ামি গৌতমের অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে। এবার ইয়ামির অভিনয়ের প্রশংসা করেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ইয়ামিকে উদ্দেশ করে আলিয়া লেখেন, “ইয়ামি, ‘হক’-এ তুমি নিখুঁত অভিনয় করেছ! এটি আমার দেখা সর্বকালের সেরা নারী অভিনয়গুলোর একটি। যেমনটা ফোনেও বলেছিলাম, আমি তোমার একজন ভক্ত। ভবিষ্যতে তোমার সব কাজ দেখার জন্য অধীর অপেক্ষায় আছি।”
আলিয়ার এই বার্তার উত্তরে ইয়ামি গৌতমও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি লেখেন, “একজন অসাধারণ অভিনেত্রী ও মানুষই এমন উদার মনোভাব রাখতে পারেন। আলিয়া, তোমার কাজ ও পেশাদারিত্বকে আমি সব সময়ই শ্রদ্ধা করি। আজ সকালে আমাদের হৃদয়ছোঁয়া কথোপকথনটি সত্যিই মনে রাখার মতো।”
সুপর্ণ এস ভার্মা পরিচালিত ‘হক’ ছবিতে ইয়ামি গৌতমের পাশাপাশি অভিনয় করেছেন ইমরান হাশমি, বর্তিকা সিং, দানিশ হুসেন, শিবা চাড্ডা ও অসীম হাত্তাঙ্গাডি। ছবিটি প্রযোজনা করেছে জংলি পিকচার্স। ২০২৫ সালের ৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি সম্প্রতি নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হলে নতুন করে আলোচনায় আসে।
‘হক’-এর গল্প অনুপ্রাণিত হয়েছে ভারতের এক ঐতিহাসিক আইনি লড়াই থেকে—১৯৮৫ সালের সুপ্রিম কোর্টের শাহ বানো মামলা। এই রায় ভারতের নারী অধিকার ও ভরণপোষণ আইন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ন্যায়বিচার ও নারীর মর্যাদার সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত হওয়ায় ছবিটিকে সামাজিক ও ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সমালোচকেরা।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস