
কলম্বিয়ার মধ্য-পূর্বাঞ্চলে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় দেশটির জনপ্রিয় সংগীতশিল্পী ইয়েসন জিমেনেজসহ মোট ছয়জন প্রাণ হারিয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সময় শনিবার (১০ জানুয়ারি) বোয়াকা প্রদেশের পাইপা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
কলম্বিয়া ওয়ান-এর প্রতিবেদন অনুযায়ী, একটি ব্যক্তিগত বিমানে করে মেডেলিনে যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে। সেখানে রবিবার (১১ জানুয়ারি) রাতে মারিনিলায় একটি পূর্বনির্ধারিত সংগীতানুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল ইয়েসন জিমেনেজের। কিন্তু তার আগেই না ফেরার দেশে চলে গেলেন এই তারকা।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, পাইপা ও ডুইতামা এলাকার মধ্যবর্তী স্থানে বিমানটি বিধ্বস্ত হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি রানওয়ের শেষ প্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার ঠিক কিছুক্ষণ আগে ছোট বিমানটি রানওয়েতে ট্যাক্সি করছিল।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধারকারী দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে ঠিক কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কারিগরি দুর্ঘটনা তদন্ত অধিদপ্তর ইতিমধ্যেই প্রমাণ সংগ্রহসহ আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে।
ইয়েসন জিমেনেজের এই আকস্মিক মৃত্যুতে কলম্বিয়ার সংগীতাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্ত ও সহশিল্পীরা প্রিয় তারকার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করছেন।