
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় পৌঁছেছেন। সোমবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন ক্রিস্টেনসেন। আগামী দুই দিনে তিনি পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এবং রাষ্ট্রাচার অনুবিভাগের প্রধান নুরুল ইসলামের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকের পর বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করার কথা রয়েছে।
এর আগে ৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে আনুষ্ঠানিকভাবে শপথ নেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। দেশটির ব্যবস্থাপনা ও সম্পদ বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী মাইকেল জে রিগাস তাঁকে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানায়।