
ফাইল ছবি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল শুনানির তৃতীয় দিনে আরও ৪১ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
সোমবার (১২ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে ৭০টি আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে ২৩ জনের প্রার্থিতা নামঞ্জুর করা হয়। এছাড়া পাঁচটি আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে এবং একজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন।
শুনানি শেষে প্রার্থিতা ফিরে পাওয়া প্রার্থীদের অনেকেই নির্বাচনী পরিস্থিতি অনুকূলে রয়েছে বলে দাবি করেন। অন্যদিকে যাদের আপিল নামঞ্জুর হয়েছে, তাদের কেউ কেউ রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন।
এদিকে দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থী এ কে এম ফজলুল হকের আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। একই কারণে শেরপুর-২ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরীর মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১৮ জানুয়ারির মধ্যে মোট ৬৪৫টি আপিলের নিষ্পত্তি সম্পন্ন করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে।