
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানো এবং আরও বেশি বাংলাদেশি কর্মীকে জাপানে নিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা আরও বিস্তৃত করতে চায় সরকার।
রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের সাবেক ফার্স্ট লেডি আকিয়ে আবে ও জাপানি উদ্যোক্তাদের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন তিনি।
বৈঠকে আকিয়ে আবে বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং অর্থনৈতিক পুনরুদ্ধারে অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন। পাশাপাশি বিনিয়োগ, সামুদ্রিক গবেষণা এবং জাপানে নার্স ও কেয়ারগিভার নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
সামুদ্রিক দূষণ রোধে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে আকিয়ে আবে বলেন, বঙ্গোপসাগরে আবর্জনা ফেলা বন্ধে কার্যকর উদ্যোগ দরকার।
প্রধান উপদেষ্টা জানান, দায়িত্ব ছাড়ার পর তিনি মার্চের তৃতীয় সপ্তাহে টোকিও সফরে গিয়ে সাসাকাওয়া ফাউন্ডেশনের সঙ্গে যৌথ সামুদ্রিক গবেষণা উদ্যোগে অংশ নেবেন। একই সঙ্গে চট্টগ্রাম উপকূলে তিনটি আদর্শ মৎস্যগ্রাম গড়তে একটি চুক্তির পরিকল্পনাও রয়েছে।
তিনি আরও বলেন, আগামী পাঁচ বছরে অন্তত এক লাখ বাংলাদেশি কর্মীকে জাপানে পাঠানোর লক্ষ্যে ইতোমধ্যে চুক্তি হয়েছে এবং এ সংখ্যা বাড়াতে জাপানি পক্ষের সহযোগিতা চান তিনি।
বৈঠকে আগামী ১২ ফেব্রুয়ারি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের প্রস্তুতির কথাও জানান অধ্যাপক ইউনূস। তিনি বলেন, নির্বাচন শেষে তিনি রাজনীতি থেকে সরে গিয়ে স্বাস্থ্যসেবা, তরুণ উদ্যোক্তা তৈরি এবং ‘থ্রি জিরো’ লক্ষ্য বাস্তবায়নে কাজ করবেন।