
ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশের সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো পেশাজীবী বা অন্যান্য সংগঠন নির্বাচন আয়োজন করতে পারবে না।
সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয় থেকে জারি করা এক চিঠিতে এ নির্দেশনা জানানো হয়। এতে বলা হয়, নির্ধারিত তারিখে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও প্রভাবমুক্তভাবে সম্পন্ন করার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইসির নির্দেশনায় উল্লেখ করা হয়, শিক্ষা প্রতিষ্ঠান, পেশাজীবী সংগঠন, পরিবহন মালিক ও শ্রমিক সমিতি, সাংবাদিক সংগঠন, ব্যবসায়ী সংগঠন (চেম্বার অব কমার্স), সমবায় সমিতি, ট্রেড ইউনিয়নসহ নিবন্ধিত ও অনিবন্ধিত সব ধরনের সংগঠনের নির্বাচন এই সময়ের মধ্যে আয়োজন করা যাবে না। এসব সংগঠনের নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারির পর অনুষ্ঠিত করতে হবে।
নির্বাচন কমিশনের মতে, জাতীয় নির্বাচনের সময় স্থানীয় বা পেশাজীবী সংগঠনের নির্বাচনকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত প্রভাব যেন সৃষ্টি না হয়, সে লক্ষ্যেই এই সতর্কতামূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।