
সংগৃহীত ছবি
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দাপুটে জয়ে বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে রাজশাহী ওয়ারিয়র্স। সিলেট পর্বের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে নাজমুল হোসেন শান্তর দল। এই জয়ের ফলে শেষ চারে রাজশাহীর সঙ্গী হিসেবে জায়গা নিশ্চিত করেছে চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটানস।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা ক্যাপিটালস। উদ্বোধনী জুটিতে উসমান খান ও আব্দুল্লাহ আল মামুন ৫৪ রান যোগ করে ভালো শুরু করলেও মিডল অর্ডারের ব্যর্থতায় বড় সংগ্রহ গড়তে পারেনি তারা। উসমান খান ২৭ বলে ৪১ রান করে আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ঢাকা। নাসির হোসেনের ২৪ রান ছাড়া সাব্বির রহমান (১৪) ও মিঠুন (১৩) কেউই উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি। ফলে নির্ধারিত ২০ ওভারে ঢাকার ইনিংস থামে ১৩১ রানে।
রাজশাহীর বোলিং আক্রমণে সবচেয়ে উজ্জ্বল ছিলেন আব্দুল গাফফার সাকলাইন, ২৪ রানে তুলে নেন ৪ উইকেট। ম্যাচের অন্যতম আকর্ষণ ছিল রিপন মণ্ডলের দুর্দান্ত হ্যাটট্রিক। এছাড়া অভিজ্ঞ মোহাম্মদ রুবেল নেন দুটি উইকেট।
১৩২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আধিপত্য দেখায় রাজশাহী। ওপেনার তানজিদ হাসান তামিম খেলেন ৪৩ বলে ৭৬ রানের বিধ্বংসী ইনিংস, যেখানে ছিল ৭টি চার ও ৫টি ছক্কা। মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ১৩ বলে ২২ রান করে ফিরলেও তানজিদের ব্যাটেই মূলত জয় নিশ্চিত হয়। শেষ দিকে মুশফিকুর রহিম (১২*) ও জিমি নিশাম (১৪*) অপরাজিত থেকে ২৩ বল হাতে রেখেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
এই জয়ের ফলে ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে রাজশাহী ওয়ারিয়র্স। সমান ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটানস।