
যৌথবাহিনীর হেফাজতে গতকাল রাতে চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদকের মৃত্যুর ঘটনায় স্থানীয় ক্যাম্প কমান্ডারসহ সব সেনাসদস্যকে সেনানিবাসে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতি এ কথা জানানো হয়েছে। পাশাপাশি তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিবৃতিতে জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত ১২ জানুয়ারি আনুমানিক রাত ১১টায় চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি ফার্মেসি দোকান থেকে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে শামসুজ্জামান ওরফে ডাবলুকে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফার্মেসিতে তল্লাশি চালিয়ে একটি ৯ মি. মি. পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অভিযান শেষে আটককৃত ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে, আনুমানিক রাত ১২টা ২৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক ও কোন ভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে জানানো হয়, ইতোমধ্যে সংশ্লিষ্ট ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ও অভিযানে অংশগ্রহণকারী সকল সেনা সদস্যদেরকে সেনানিবাসে প্রত্যাহার এবং সঠিক কারণ উদঘাটনের উদ্দেশ্যে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।