
বাংলাদেশ ও ইরাকের পতাকা
ইরাকের একটি আদালতে ইরাকি নাগরিক হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক বাংলাদেশি নাগরিক শেষ পর্যন্ত বেকসুর খালাস পেয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, মূলত ইরাকের একটি অধস্তন আদালত ওই বাংলাদেশি নাগরিকসহ তিনজন ইরাকি নাগরিককে মৃত্যুদণ্ড প্রদান করে। বিষয়টি দূতাবাসের নজরে আসার পর বাংলাদেশি নাগরিকের দণ্ড পুনর্বিবেচনার জন্য যুক্তিসহ ইরাকের সুপ্রিম কোর্টে আবেদন করা হয়।
সুপ্রিম কোর্ট পদ্ধতিগতভাবে মামলা পুনঃমূল্যায়ন করে এবং বাংলাদেশি নাগরিককে বেকসুর খালাস দেয়। তবে একই মামলায় অপর তিনজন ইরাকি নাগরিকের মৃত্যুদণ্ডের আদেশ অপরিবর্তিত রাখা হয়েছে।
বাংলাদেশ দূতাবাস এই রায়কে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য হিসেবে উল্লেখ করেছে।