
ছবি: সংগৃহীত
আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা টি–টোয়েন্টি বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ভারত মুখোমুখি হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে। তবে যুক্তরাষ্ট্রের প্রাথমিক স্কোয়াডে থাকা চার পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারের ভারতীয় ভিসা মঞ্জুর হয়নি।
ভারতের সংবাদ মাধ্যম ওয়ান ক্রিকেট জানায়, ভিসা না পাওয়া ক্রিকেটাররা হলেন— পেসার আলী খান, উইকেটরক্ষক ব্যাটার শায়ান জাহাঙ্গীর, মিডিয়াম পেসার ইশান আদিল এবং লেগ স্পিনার মোহাম্মদ মহসিন। আলী খান নিজেই ইনস্টাগ্রামে এই বিষয়টি জানিয়েছেন। ভিসা না পাওয়ায় তাদের বিশ্বকাপে খেলা এখন অনিশ্চিত।
এ বিষয়টি আরও জটিল হয়ে দাঁড়িয়েছে কারণ আলী খান এর আগে কলকাতার হয়ে আইপিএলেও খেলেছেন। তবে আইসিসি বা ইউএসএ ক্রিকেটের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য হয়নি।
এই পরিস্থিতি শুধু যুক্তরাষ্ট্রই নয়, অন্যান্য দলের জন্যও উদ্বেগ তৈরি করছে। ইতালি, জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস দলে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটাররা রয়েছেন। যদি ভারত তাদের ভিসা না দেয়, তাহলে বিশ্বকাপ অংশগ্রহণকারী এসব দলও বিপাকে পড়তে পারে।
এখনো পর্যন্ত বিষয়টি নিয়ে ভারত বা আইসিসি থেকে কোনো সমাধান বা ব্যাখ্যা প্রকাশিত হয়নি। বিশ্বকাপ শুরুর আগে এই অনিশ্চয়তা ক্রিকেট ফ্যানদের মধ্যে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করেছে।