
ফাইল ছবি
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় আবারও জটিলতা দেখা দিয়েছে। এক দফা সময় বাড়ানোর পর সোমবার (১৩ জানুয়ারি) মামলার চার্জশিট দাখিলের কথা থাকলেও তা জমা দেয়নি অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তদন্তের অগ্রগতি কিংবা বিলম্বের সুনির্দিষ্ট কোনো কারণ না জানিয়ে সংস্থাটি আদালতের কাছে আরও সময়ের আবেদন করেছে।
পরিস্থিতি বিবেচনায় নিয়ে আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করেছেন। এর ফলে দীর্ঘদিন ধরে চলমান এই মামলার বিচার প্রক্রিয়া আরও এক দফা পিছিয়ে গেল, যা নিয়ে সংশ্লিষ্ট মহলে নতুন করে হতাশা ও উদ্বেগ দেখা দিয়েছে।
এদিকে মামলার বাদীপক্ষ আদালতে আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দের আবেদন করেছে। এতে সালমান শাহের স্ত্রী সামিরা হক, খলনায়ক ডনসহ মোট ১১ জন আসামির সম্পদ জব্দের দাবি জানানো হয়। দ্রুত বিচার নিশ্চিত করতেই এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আসামিদের সম্পদ জব্দের শুনানিতে বাদীপক্ষের আইনজীবী ফারুক আহাম্মদ বলেন, ‘মামলার আসামিরা দীর্ঘ ২৯ বছর আদালতে অনুপস্থিত থেকে ন্যায়বিচার প্রক্রিয়াকে ব্যাহত করেছেন। আসামিদের গ্রেপ্তার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে এজাহারভুক্ত সব আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি জব্দের আবেদন জানানো হয়েছে।’
মামলার দীর্ঘসূত্রতায় ক্ষোভ প্রকাশ করেছেন সালমান শাহের ভক্তরা। প্রিয় নায়কের মৃত্যুর ২৯ বছর পেরিয়ে গেলেও বিচার না পাওয়ায় তারা মানববন্ধনের মাধ্যমে দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু বিচার দাবি করেছেন।
এর আগে গত ২০ অক্টোবর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত সালমান শাহের অপমৃত্যুর মামলাকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এরপর ওই দিন রাতেই সালমান শাহের মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
মামলায় সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডনসহ ১১ জনকে আসামি করা হয়। নির্ধারিত দিনে তদন্ত প্রতিবেদন দাখিলের কথা থাকলেও মামলার তদন্তকারী কর্মকর্তা ও রমনা মডেল থানার পুলিশ পরিদর্শক আতিকুল ইসলাম খন্দকার কোনো প্রতিবেদন জমা দিতে পারেননি। ফলে আদালত প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ নির্ধারণ করেন।
এ মামলার অন্য আসামিরা হলেন—সামিরা হকের মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ডেবিট, জাভেদ, ফারুক, রুবী, আব্দুল ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ।